All news

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা

পদ্মা-যমুনা নদীভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গতকাল এবিজি ফাউন্ডেশনের এই সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির।

সহায়তার অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুরে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মো. ইউনূস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, ‘নদীভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

SOURCE : বাংলাদেশ প্রতিদিন